শিক্ষকের বাড়িতে গ্যাসের গুদাম! ২৫টি সিলিন্ডার উদ্ধার হতেই চক্ষু চড়কগাছ প্রশাসনের

দেশজুড়ে যখন এলপিজি (LPG) সিলিন্ডারের হাহাকার তুঙ্গে, ঠিক তখনই মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল। এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হলো ২৫টি গ্যাস সিলিন্ডার। বিশ্বনাথ কলোনির ৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে খাদ্য দপ্তর ও কোতয়ালি পুলিশের একটি যৌথ দল ওই শিক্ষকের বাড়িতে অভিযান চালায়।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ২৫টি সিলিন্ডারের মধ্যে ৩টি ছিল গ্যাসপূর্ণ এবং বাকি ২২টি খালি। প্রশাসনের প্রাথমিক ধারণা, সাধারণ মানুষের রান্নার গ্যাসের সংকটকে কাজে লাগিয়ে বড়সড় কোনো কালোবাজারির ছক কষা হচ্ছিল এখানে। যেখানে সাধারণ মানুষ একটি সিলিন্ডার রিফিলের জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন, সেখানে একজন ব্যক্তির কাছে এত বিপুল পরিমাণ সিলিন্ডার থাকা বড়সড় অপরাধ।

বর্তমানে দেশে এলপিজি সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বদল এনেছে। আগে ২১ দিনের ব্যবধানে বুকিং করা গেলেও এখন তা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। এই সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মজুতদাররা সিলিন্ডার জমিয়ে রেখে চড়া দামে বিক্রি করছে বলে অভিযোগ। ছাতারপুরের এই ঘটনাটি সেই চক্রেরই অংশ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বাজেয়াপ্ত করা সিলিন্ডারগুলো কোন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আনা হয়েছিল, তার তদন্ত শুরু হয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আইন’ (Essential Commodities Act)-এর আওতায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *